উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার চরফ্যাশন পৌরবাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কাঁচাবাজারের আড়ত নতুন স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন মার্কেটে আড়তগুলোর কার্যক্রম শুরু হয়েছে। এতে পুরোনো বাজারের যানজট কমার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেনের সহযোগিতায় এ স্থানান্তর কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, চরফ্যাশন বাজারের জনতা রোডের শেষ প্রান্তে অবস্থিত কাঁচাবাজারের আড়তে প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করত। সড়কটি সরু হওয়ায় পাশাপাশি দুটি ট্রাক চলাচল করতে পারত না। ফলে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে।
কাজী মনজুর হোসেন বলেন, জনতা রোডের শেষ মাথায় কাঁচাবাজারের আড়ত থাকায় প্রায়ই যানজট সৃষ্টি হতো। এ সমস্যা সমাধানে আড়ত মালিকরা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আলোচনা করে আসছিলেন। নতুন মার্কেটের জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি। মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার পর আড়তদাররা তাঁদের যাতায়াত ও পণ্য ওঠানামার সুবিধার বিষয়টি জানান। তাঁদের আগ্রহের বিষয়টি বিবেচনা করে ঘর ভাড়া নেওয়ার সুযোগ রাখা হয়েছে। জায়গাটি আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহও বেশি। আশা করছি, এর মাধ্যমে বাজারের যানজট অনেকটা কমে আসবে।
ব্যবসায়ী শরিফ বলেন, জনতা রোডে পাশাপাশি দুটি ট্রাক দাঁড়ানোর মতো জায়গা ছিল না। ফলে প্রায়ই যানজট লেগে থাকত। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অনেক কষ্ট হতো। এখন মূল সড়কের পাশে নতুন স্থানে আড়ত হওয়ায় পণ্য পরিবহন ও যাতায়াতের সুবিধা বাড়বে। একই সঙ্গে পুরোনো সড়কের যানজটও কমবে বলে আশা করছি।
আড়ত মালিক ব্যবসায়ী মামুন বলেন, এখানে প্রায় ৪৮ জন আড়ত মালিক রয়েছেন। তাঁদের মধ্যে চার-পাঁচজন ছাড়া অধিকাংশই নতুন স্থানে আসতে আগ্রহী। প্রায় ৬১ শতাংশ জমির ওপর ৫০টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগের স্থানের তুলনায় এখানে দোকানভাড়া কম। পাশাপাশি যাতায়াত ও পণ্য ওঠানামার সুবিধাও বেশি। এসব বিষয় বিবেচনা করেই আমরা নতুন স্থানে আসার সিদ্ধান্ত নিয়েছি।
ব্যবসায়ী আমজাদ সিকদার বলেন, দীর্ঘদিন ধরে পুরোনো স্থানে আড়ত পরিচালনা করতে গিয়ে যানজটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নতুন স্থানে ব্যবসা পরিচালনার পরিবেশ ভালো হবে বলে আশা করছি। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ভোগান্তি কমবে।
ব্যবসায়ী ইমরান বলেন, কাঁচাবাজারের আড়তে প্রতিদিন প্রচুর পণ্যবাহী ট্রাক আসে। পুরোনো স্থানে ট্রাক প্রবেশ ও পণ্য ওঠানামার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হতো। নতুন স্থানে পর্যাপ্ত সুবিধা থাকায় ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে।
ব্যবসায়ী মোসলেম বলেন, নতুন স্থানে আড়ত স্থানান্তরের ফলে ব্যবসায়ীদের যাতায়াত ও পণ্য পরিবহনে সুবিধা হবে। পাশাপাশি পুরোনো বাজারের সড়কে যানজট কমলে সাধারণ মানুষও স্বস্তিতে চলাচল করতে পারবেন। আমরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি।
স্থানীয় সচেতন মহলের মতে, কাঁচাবাজারের আড়ত স্থানান্তরের উদ্যোগ যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এ উদ্যোগের সুফল ধরে রাখতে বাজারের সড়ক দখলমুক্ত রাখা, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ এবং পণ্য ওঠানামায় শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে চরফ্যাশন পৌরবাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা তাঁদের।