উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টিলের ফটকে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে দুই ব্যক্তি মুখোশ পরে এসে এই আগুন দেয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্টিলের গেট হওয়ায় আগুন দেওয়ার দুই-তিন মিনিটের মধ্যেই তা নিভে যায় এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাতে পাসপোর্ট অফিসের নিরাপত্তারক্ষীরা ঘুমাচ্ছিলেন বলে আগুন দেওয়ার বিষয়টি তাঁরা টের পাননি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও সংগ্রহ করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, রাত ১টা ৩ মিনিটে দুজন ব্যক্তি এসে ফটকে আগুন দিয়ে চলে যান। ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।