উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিনের লোকসান ও যান্ত্রিক ত্রুটির চ্যালেঞ্জ কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দেশের ঐতিহ্যবাহী দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নতুন মাড়াই মৌসুমে ১০২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বিএমআরই কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে। গত অর্থবছরে ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবার কঠোর ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
এবারের মৌসুমে ৫৮ থেকে ৫৯ দিনে ৮০ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে চার হাজার ৮০০ টন চিনি উৎপাদনের আশা করা হচ্ছে। এর জন্য পাঁচ হাজার ৮০২ একর জমির আখ প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে এক হাজার ৬৩৮ একর কেরুর নিজস্ব এবং চার হাজার ১৬৪ একর কৃষকদের জমি। চিনির গড় আহরণ হার ৬ শতাংশ ধরে এই লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, কৃষকদের আখের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার দাম বাড়িয়েছে ও ভর্তুকি দিচ্ছে। মাঠপর্যায়ে চাষিদের উদ্বুদ্ধ করতে বিশেষ সভার আয়োজন করা হয়েছে এবং অধিক ফলন পেতে মাটি ঘেঁষে আখ কাটার পরামর্শ দেওয়া হয়েছে। সবার আন্তরিক প্রচেষ্টায় এবার লোকসান উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।