উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে ১৬ নভেম্বর ২০২৬, সোমবার একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এখন থেকে বাসাবাড়ির বর্জ্য রাস্তার ওপর ফেললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক ভ্যান সার্ভিস কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন বর্জ্য সরাসরি এসটিএসের ভেতরে ফেলা হয়। দুর্গন্ধ ও জীবাণু রোধে এসটিএস এলাকা নিয়মিত পরিষ্কার ও ব্লিচিং পাউডার ছিটানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
পরিবেশবান্ধব এই এসটিএস নির্মাণের উদ্দেশ্য হলো স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের দুর্গন্ধ থেকে মুক্তি দেওয়া। প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে এমন একটি করে আধুনিক এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে ডিএনসিসি। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি সম্পন্ন হয়েছে এবং এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে প্রশাসক জানিয়েছেন।