উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে ঘুসি মেরে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এ ঘটনায় জুয়েল (৩২) নামের ওই চা দোকানির মৃত্যু হয়।
অভিযুক্ত মো. ইব্রাহীম শেখ (২৫) জেটিআই কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কর্মরত। ঘটনার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ইব্রাহীমের দেওয়া ঘুসির আঘাতে জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, কয়েক হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রা অভিযুক্ত ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এবং বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।