উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাঝারি পর্যায়ের একটি বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান, কোন যোগ্যতার বলে এই নিয়োগ দেওয়া হয়েছে।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। যোগ্যতা দেখেই এসব নিয়োগ দেওয়া হয় এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কোন খাত থেকে এসেছেন, তা বিবেচনায় রাখা হয় না।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ করা পর্ষদ ও এমডিদের সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো খাদের কিনারায় গেছে। তিনি গত বছরের জুনে জনতা ব্যাংকের ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা খেলাপি ঋণের চিত্র তুলে ধরে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জবাবে জানান, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক খাতে কোনো নিয়োগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তিনি বলেন, ইন্টারভিউ ও সিভি যাচাই করে যোগ্য ব্যক্তিদেরই ব্যাংকগুলোর দায়িত্ব দেওয়া হচ্ছে এবং ব্যাংক খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।