উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ১৪ নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও কনটেন্ট নির্মাতা সৈয়দ মোঃ মুনতাজ আলী নিজের ফেসবুক আইডি থেকে ভিউ ব্যবসা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই ভিডিও প্রচার করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণ প্রচারের সময় ভুক্তভোগী শিশুর পরিচয় গোপন না করে সরাসরি মুখমণ্ডল প্রকাশ করায় শিশুটির ব্যক্তিগত গোপনীয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৪ ধারায় ভুক্তভোগী নারী বা শিশুর পরিচয় প্রকাশ পায়, এমন তথ্য সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ বিধান লঙ্ঘনের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একজন জনপ্রতিনিধি হয়েও ভুক্তভোগী শিশুর পরিচয় গোপন রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন যথাযথ সতর্কতা অবলম্বন করা হলো না, তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও কনটেন্ট নির্মাতা সৈয়দ মুনতাজ আলী বলেন, মূলত প্রশাসনের নজরে আসা দরকার এই কারণে নাম ঠিকানা দেওয়া হয়েছে এবং ওনাদের পরিবার থেকে তারা নিজেরাই আগ্রহী হয়ে এই ভিডিওটা করাইছে। তবে প্রশাসনের নজরে আনতে ফোনকলেও আনা যেত কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে প্রশাসনের নজরে আনা এ কেমন যুক্তি সংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাজবিহা বলেন, একটি শিশুকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই সমীচীন হয়নি এবং বিষয়টি আমার নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি আগে আমার চোখে পড়েনি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করব। প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে শিশুর পরিচয় প্রকাশের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। শিশুটির নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি রক্ষক যখন ভক্ষক হয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।