উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘স্কাইপ’ প্রকল্পের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে শিল্পকারখানাগুলোকে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য পাওয়া ২০২৯ সাল পর্যন্ত বর্ধিত সময়কে কাজে লাগিয়ে নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে এখন থেকেই সক্ষমতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল পরিদর্শনব্যবস্থা ও ইটিপির অনলাইন পর্যবেক্ষণের মতো উদ্যোগ নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, নিরাপদ ও পরিবেশবান্ধব শিল্প খাত গড়তে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য এবং কমপ্লায়েন্সকে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, জার্মান সরকারের অর্থায়নে জিআইজেডের মাধ্যমে স্কাইপ ও স্টাইল ২ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।