উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় সার-ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ শিকদার। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিয়ম মেনে আবেদন করেও ডিলারশিপ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।
আহমেদ শিকদার জানান, বুড়াইচ ইউনিয়নে ডিলারশিপের জন্য কৃষি অফিসের প্রাথমিক তালিকায় তার নাম শীর্ষে ছিল। কিন্তু রাজনৈতিক প্রভাবে তার পরিবর্তে আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, যার প্রয়োজনীয় অবকাঠামো বা গুদাম সুবিধা নেই বলেও তিনি অভিযোগ করেন।
নিজের দাবির সপক্ষে তিনি বলেন, তার নিজস্ব দুইতলা ভবন ও গুদাম প্রধান সড়কের পাশে হওয়ায় সার পরিবহনে সব ধরনের সুবিধা রয়েছে। তিনি এ পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নিয়োগ পাওয়া ইনামুল এন্টারপ্রাইজের মালিক ইনামুল ইসলাম জানান, তিনি একজন প্রকৃত ব্যবসায়ী এবং সরকারি বিধি মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে জেলা কমিটি তালিকা মন্ত্রণালয়ে পাঠায়। সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কৃষি মন্ত্রণালয়ের হাতেই থাকে।