উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের শাইলাবাড়ী গ্রামে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে অ্যাডভোকেট রাসেল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে শাইলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
ভুক্তভোগী ব্যবসায়ী ইবাদত হোসেন সোলায়মান ও আবুল কালাম আজাদের অভিযোগ, অভিযুক্ত আইনজীবী তাঁদের বিভিন্ন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে কয়েক দফায় চাঁদা আদায় করেছেন। চাঁদা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমেও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট রাসেল মিয়া জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আলেক মিয়ার ইন্ধনে এই ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এদিকে ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া জানান, তিনি এই কর্মসূচির সঙ্গে জড়িত নন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।