উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘাতের জেরে সানা বিমানবন্দর বন্ধ থাকায় সাধারণ মানুষ এখন সৌদি আরবে যাওয়ার জন্য বেছে নিয়েছে ঝুঁকিপূর্ণ মরুপথ। সংঘর্ষ এড়াতে অনেক যাত্রী আল-জাওফ মরুভূমির দুর্গম পথ পাড়ি দিতে বেদুইন পথপ্রদর্শকের সাহায্য নিচ্ছেন।
নভেম্বরের শুরুর দিকে এএফপি’র ভিডিওতে মরুভূমিতে সাঁজোয়া যানের উপস্থিতি ও গুলির দৃশ্য দেখা গেছে। রিয়াদে স্বজনদের সঙ্গে দেখা করতে বা কাজের সন্ধানে ইয়েমেনিরা এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রা করতে বাধ্য হচ্ছেন, যা কখনো কখনো পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয়।
ইয়েমেনিদের কাছে সৌদি আরব কাজের জন্য আকর্ষণীয় গন্তব্য হলেও দেশটিতে প্রবেশের বৈধ ভিসা পাওয়া কঠিন। তাই অনেকেই ওমরাহ ভিসার ওপর নির্ভর করছেন, যার মেয়াদ বাড়াতে তাদের নিয়মিত আল-ওয়াদিয়া সীমান্ত দিয়ে যাতায়াত করতে হয়।
২০২৪ সালে আল-ওয়াদিয়া সীমান্ত দিয়ে প্রায় ২৩ লাখ বার যাত্রী ও যানবাহন পারাপার হয়েছে, যা বর্তমানে ইয়েমেনের একমাত্র সচল স্থলপথ। সৌদি কর্মকর্তাদের মতে, দেশটিতে প্রায় ২০ লাখ ইয়েমেনি বসবাস করেন, যাদের অনেকের অবস্থান এখনো অনিশ্চিত।