উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় চার রঙের ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অঞ্চলভেদে এসব রিকশা সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের হবে। গত ৩ নভেম্বর থেকে এই রিকশা নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে, যা রোববার বিকেল পর্যন্ত ২৯ হাজার ছাড়িয়েছে। প্রতিটি ফরমের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ফরম কিনলেই নিবন্ধন নিশ্চিত নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কারিগরি মানদণ্ড ও বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এখন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানের ই-রিকশা বুয়েটের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।
নিবন্ধিত প্রতিটি ই-রিকশায় কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট থাকবে এবং নির্দিষ্ট জোনের বাইরে এগুলোর চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার এবং জনাকীর্ণ এলাকায় ১৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগের নতুন বিধিমালা অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।