উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার বিকেল ৫টা ২৯ মিনিটে সংসদ ভবনে অবস্থানকালে একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে ফোন করে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
ফোনকলটিতে হুমকিদাতা ডা. মিতুকে উদ্দেশ্য করে বলেন, পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, অন্যথায় তাঁকে টুকরা টুকরা করে ফেলা হবে। এনসিপির মিডিয়া সেলের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর ডা. মিতু ফেসবুক পোস্টে জানান, টানা সাত দিন ধরে তিনি হোয়াটসঅ্যাপ ও সরাসরি ফোনকলে হত্যার হুমকি পাচ্ছেন। গত ১২ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ করার পর থেকেই তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।