উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি সংসদে তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার জাতীয় সংসদ ভবনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ৭৮৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৯৭ হাজার ৯২৭ কোটি ৭৪ লাখ টাকার বেশি।
মন্ত্রী জানান, ওই অর্থবছরে ভারত থেকে ৯৬২ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করা হলেও রফতানি হয়েছে মাত্র ১৭৬ কোটি ডলারের। তবে দক্ষিণ এশীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সাফটা ও এপিটিএ চুক্তির আওতায় তামাক ও অ্যালকোহল ছাড়া ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা রয়েছে। রফতানি বাড়াতে পাটজাত পণ্যের অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারসহ অশুল্ক বাধা দূর করতে ভারত সরকারের সাথে নিয়মিত আলোচনা ও উদ্যোগ চলমান রয়েছে।
বাণিজ্য ঘাটতি কমাতে ও রফতানি প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে পণ্যের মান উন্নয়ন, প্যাকেজিং ও বিপণন ব্যবস্থা উন্নত করা এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ স্বাক্ষরের প্রক্রিয়া ত্বরান্বিত করা।