উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় যোগ দিতে গিয়ে হেনস্তার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় সেন্ট জন’স কলেজের অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় আওয়ামী লীগের একদল সমর্থক তাঁকে ঘিরে ফেলার চেষ্টা করেন। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় তারা সফল হতে পারেনি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্যসচিব মো. এম এ হিমেল ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, এনসিপির কর্মীরা নাহিদ ইসলামকে নিরাপদে গাড়িতে তুলে দিচ্ছেন, আর পাশেই আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে তাদের বাদানুবাদ চলছে। পরে গাড়িটি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনা নিয়ে এনসিপি নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান মুখ হওয়ায় নাহিদ ইসলামের ওপর আওয়ামী লীগের আক্রোশ থাকা স্বাভাবিক। তবে এনসিপি কর্মীদের সতর্ক অবস্থানের কারণে উগ্রবাদীরা সেখানে কোনো সুবিধা করতে পারেনি।
সারোয়ার তুষার আরও জানান, যুক্তরাজ্যে অবস্থানরত এসব হেনস্তার মূল হোতাকে চিহ্নিত করা হয়েছে। সরকার চাইলে এই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ বা তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারে। এর আগে হাসনাত আবদুল্লাহকেও একই কায়দায় হেনস্তার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।