উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজারে ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময় সরকার উত্তরাধিকারসূত্রে ভঙ্গুর অর্থনীতি ও ঋণের ভারী বোঝা পেয়েছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সরকারি ঋণ ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়ে ১৮ লাখ ৯০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছিল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ এবং টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশে পৌঁছেছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপানো বন্ধ করা হয়েছে বলে তিনি জানান। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে।
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরাতে নিয়মিত ঋণ প্রতিবেদন প্রকাশ ও বন্ড অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৯-৩০ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের মূল চ্যালেঞ্জ ঋণের আকার নয়, বরং দুর্বল রাজস্ব আহরণ। এটি মোকাবিলায় করের আওতা বাড়ানো ও ডিজিটালাইজেশনের ওপর জোর দেওয়া হচ্ছে।