উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শম্পা বসু আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন কোর্টমোড়স্থ বাংলা মেডিকেলের সামনে অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তার কাঁধে ঝুলানো কালো কাপড়ের তৈরি স্কুল ব্যাগ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম আলী ২০১৯ সালের ৫ মার্চ ফারুক হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন।
আদালত রায়ে উল্লেখ করেছেন যে, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারক। রায়ের পর রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম সন্তোষ প্রকাশ করে জানান যে সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।