উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র নামের ১৯ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত শাহরিয়ার ঝালকাঠি সদর উপজেলার মনির হোসেন ও মোর্শেদা আক্তার মিতার সন্তান। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডে বস্তির সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।