উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মূল একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় অভিজ্ঞ রহমত মিয়াকে একাদশে রেখেছেন কোচ থমাস ডুলি।
অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফরোয়ার্ড ইব্রাহিম আজ একাদশে জায়গা হারিয়েছেন। তাঁর পরিবর্তে ‘নাম্বার নাইন’ পজিশনে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসা।
আজকের ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার জায়গা পেয়েছেন। ২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়ার হাত ধরে জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের পথচলা শুরু হয়েছিল। কাকতালীয়ভাবে আজ একাদশে সর্বোচ্চ আটজন প্রবাসী খেললেও দলের বাইরে থাকছেন জামাল।
জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ ২০০৫ সালের আসরে ফাইনালে উঠে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
গ্রুপ পর্বে ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে গোল পেয়েছিলেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। তাঁদের ফর্ম আক্রমণভাগে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে আজ পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।