উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহামুদুল্লাহ সোহেল ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় ধরমপুর হাই স্কুল মাঠে ধরমপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিঠুর সার্বিক তত্ত্বাবধানে এবং ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০৬-সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু এবং ধরমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ ছালাম সান্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ধরমপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব ও নাটোর জেলা ফুটবল একাদশ। খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নাটোর জেলা ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধরমপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব।
খেলাকে ঘিরে ধরমপুর হাই স্কুল মাঠে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে মাঠ।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।