উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বাংলা একাডেমিতে শনিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারীদের টিকে থাকতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবার বিকল্প নেই। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট, ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, সামাজিক পরিবর্তনের ফলে যৌথ পরিবার প্রথা ভেঙে যাওয়ায় কর্মজীবী নারীরা সংকটে পড়েছেন। অনেক নারী সন্তান লালন-পালনের অভাবে কর্মক্ষেত্র থেকে ঝরে পড়ছেন। তিনি প্রাতিষ্ঠানিক ও কর্মক্ষেত্রে ডে-কেয়ার সুবিধা বাড়ানোর পাশাপাশি দক্ষ শিশুযত্ন কর্মীদের যথাযথ স্বীকৃতি ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে নারীদের কর্মসংস্থান অপরিহার্য। গবেষণায় দেখা গেছে, পরিবারগুলো সাশ্রয়ী ও নির্ভরযোগ্য শিশুযত্ন সেবা পেতে আগ্রহী। শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ থাকলেও এর বাস্তবায়ন ও অর্থায়নের ক্ষেত্রে এখনো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে বলে আলোচনায় উঠে আসে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে শিশুযত্নের গুরুত্ব নিয়ে তিনটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের উপনির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন। বক্তারা শিশুযত্নকে একটি খাত হিসেবে স্বীকৃতি দিয়ে সমন্বিত কাঠামোর আওতায় আনার আহ্বান জানান।