উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এই গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার ১৩ নভেম্বর লরি ও ক্রেনের সাহায্যে উত্তোলনের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননকালে প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। ঘটনার পর থেকেই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ঝুঁকি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বর্তমানে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানিয়েছেন, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণে এনে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গ্যাসের প্রকৃত মজুত নিশ্চিত হতে ভূতাত্ত্বিক জরিপ ও সিসমিক সমীক্ষার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সংশ্লিষ্টদের মতে, ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুত নিশ্চিত হলে এটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে আবিষ্কৃত ৩০টি গ্যাসক্ষেত্রের মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। এই নতুন সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।