উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বানে ঢাকায় তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন সম্পন্ন করেছে বাসদ (মার্ক্সবাদী)। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারা অংশ নিয়ে বক্তব্য রাখেন।
কনভেনশন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহীদ মিনারে এসে শেষ হয়। এতে দলটির সঙ্গে যুক্ত কৃষক, শ্রমিক, ছাত্রসহ বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বর্তমান বিশ্বসভ্যতার জন্য বড় হুমকি। এই সংকট মোকাবিলায় শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন ও একটি সঠিক বিপ্লবী দল গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির পুবুদু জয়াগোদা বলেন, সঠিক নেতৃত্ব পেলে দেশের গণ-আন্দোলনগুলো বিপ্লবী রূপ নিতে পারে। এ সময় তিনি বাসদ (মার্ক্সবাদী)-এর সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
নেপালের শ্রমজীবী পার্টির কুমার উপাধ্যায় এবং কমিউনিস্ট পার্টির নরেন্দ্র বাহাদুর সিং সাম্রাজ্যবাদবিরোধী ঐক্যের ডাক দেন। দলের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনভেনশনে সঞ্চালনা করেন জয়দীপ ভট্টাচার্য।