উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী নারী পরিষদের হাজীনগর ইউনিয়ন কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরিফ পাহান এবং সঞ্চালনা করেন সখিলাল লাকড়া। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আদিবাসীদের শিক্ষা, সামাজিক সচেতনতা এবং বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার সমাধান এবং সব ধরনের নির্যাতন ও বৈষম্য বন্ধের দাবি জানানো হয়।
বক্তারা নাটোরের সিংড়ায় শামুক সংগ্রহকে কেন্দ্র করে আদিবাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে গত ৯ নভেম্বর নওগাঁর মান্দায় আদিবাসী কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন তারা। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।