উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দার গজারিয়ায় পর্দা নামল জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ আসরের। শুক্রবার বিকেলে কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনালে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ার্ডার্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে গোপালগঞ্জের ভাজনদী শিকদার ফুটবল একাডেমি।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবের আমেজ পায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের আয়োজক ও পৃষ্ঠপোষক মো. হানিফ মন্ডল জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতেই এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের আয়োজন গ্রামীণ ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।