উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে এবং আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় এই কার্যক্রম বিস্তৃত করা হবে।
শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীর বানাশুয়ায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গ্রামীণ উদ্যোক্তাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।