উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে নিখোঁজ হওয়া বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক)-এর সন্ধান তিন দিনেও পাওয়া যায়নি। গত মঙ্গলবার দুপুরে তিনি কর্মস্থল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন।
নিখোঁজের ঘটনায় হীরা লালের ছেলে রিমন লাল বুধবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে তিনি নিখোঁজ হন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে হীরা লালকে মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে হাঁটতে দেখা গেছে। এরপর থেকে তাঁর আর কোনো হদিস পাওয়া যায়নি এবং তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
স্বজনদের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে পুরান ঢাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় স্ত্রীর সঙ্গে শেষ কথা হয় হীরা লালের। সে সময় তিনি দ্রুত বাসায় ফেরার কথা জানিয়েছিলেন, কিন্তু এরপর থেকেই তাঁর কোনো খোঁজ মিলছে না।
বনানী থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. রেজোয়ানুল হক জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।