উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাগোয়ান গ্রামের বাড়ি পরিদর্শন করেছে বিরোধীদলীয় প্রতিনিধিদল। শুক্রবার চার সদস্যের এই প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্প ছড়াচ্ছে।
প্রতিনিধিদলের সদস্য ও এনসিপি সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, তদন্তের আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের কথা বলা রহস্যজনক। তিনি মন্তব্য করেন, ফ্যাসিস্ট আমলের মতো আচরণ এই সরকারের আমলেও দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রতিনিধিদলটি এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছে।
সংসদ সদস্য আবদুল গফুর বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একই সুর শোনা যায় সংসদ সদস্য মাহমুদা আলম মিতুর কণ্ঠেও, যিনি সরকারের ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টার তীব্র সমালোচনা করেন।
ভুক্তভোগী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এ ঘটনাকে আওয়ামী লীগের কুকীর্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরও কোনো অগ্রগতি দেখা যায়নি। তদন্তের গুরুত্ব না দিয়ে বাড়িটির ধরন নিয়ে অপ্রাসঙ্গিক আলোচনার তীব্র নিন্দা জানান তিনি।