উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মাছের বর্জ্য থেকে তেল তৈরির কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। এই কারখানা থেকে নির্গত তীব্র দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, মাছের আঁশ ও বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা এই তেল বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে। কারখানার বর্জ্য ও তরল পদার্থ সরাসরি পরিবেশে মিশে মাটি ও পানি দূষণের আশঙ্কা তৈরি করেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কারখানার মালিক খলিলুর রহমান স্বীকার করেছেন যে, তাদের কোনো পরিবেশগত ছাড়পত্র নেই এবং ভবিষ্যতে তা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এদিকে, ছাড়পত্রহীন এই কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও উৎপাদিত তেলের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
পরিবেশের সুরক্ষায় অবিলম্বে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।