উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান অভিযুক্ত মানিককে (২০) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত রাতে ময়মনসিংহের নান্দাইল থানা এলাকা থেকে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মানিক ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী বিন্দুমতি রানী তার ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন। গত ২৯ সেপ্টেম্বর বাদী মিনত সরকার ও তার ছোট ভাই সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বৈরাগী বাজারে যান এবং রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফেরেন। এ সময় ভুক্তভোগীর ছোট ছেলের স্ত্রী ঘরের বাইরে এসে টিউবওয়েলের পাশে বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরিবারের লোকজন এসে তার মাথার পেছনে রক্তের আঘাত দেখতে পান এবং পালস পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন। পাশাপাশি, সেসময় তিনটি পরিবারের লাগানো পানি তোলার তিনটি পাম্পও চুরি হয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে। এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে মিনত সরকার বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় একটি হত্যা মামলা (নং-০৯) দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গত ১২ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ক্লুলেস হত্যাকাণ্ডের প্রধান আসামি মানিককে গ্রেফতার করে।
সংস্থাটি জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।