উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ও বৃহস্পতিবার উত্তরা, লালবাগ ও সবুজবাগসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শিবলু, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আহমেদ অনিল, মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার, উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, যুবলীগ নেতা মো. আবদুর রাজ্জাক এবং নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। বিশেষ করে যুবলীগ নেতা আবদুর রাজ্জাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ ও বাড্ডা থানায় পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।