উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃষি খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে মোট ২ লাখ ৯৫ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এই সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদিত সারের তালিকায় রয়েছে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি সার। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এস.এ থেকে জিটুজি চুক্তির আওতায় টিএসপি ও ডিএপি সার আমদানির পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এছাড়া দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এই সার ক্রয়ে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ টাকা এবং প্রতি টনের দাম ধরা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার।