উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই কাজে ব্যয় ধরা হয়েছে ৩৬১ কোটি ৯৭ লাখ টাকা এবং পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইউএনডিপি বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাংক ও সরকারের অর্থায়নে মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অতিরিক্ত পাঠ্যপুস্তক মুদ্রণের ব্যয় সমন্বয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মূল চুক্তিমূল্য থেকে ব্যয় বেড়ে ২১০ কোটি ৭৯ লাখ টাকা হবে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবে তৃতীয় প্রজন্মের খাবার জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে যার ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৫৫ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে উন্মুক্ত দরপত্রে কম্বল কেনার অনুমোদন দেওয়া হয়েছে যাতে ব্যয় হবে ১০ কোটি ৫৪ লাখ টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন ও চার লেনে উন্নীতকরণ প্রকল্পের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
রাঙামাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের আওতায় ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে যেখানে হাসপাতাল ভবনে ২৩০ কোটি ৮৬ লাখ এবং একাডেমিক ভবনে ১০৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে তিন হাজার ৫১৩ কোটি ৭০ লাখ টাকা দাঁড়াবে।