উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসররা সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে দেশের সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী বক্তব্যে তিনি এই কথা বলেন। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
তিনি আরও বলেন, পুলিশ বক্সে আগুন দিয়ে, ককটেল ফাটিয়ে ও এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা মনে করছে মানুষকে ভয় দেখানো যাবে। গোপনে ও ভাড়ায় খেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং গাড়িতে আগুন দিয়ে গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না বলে উল্লেখ করেন তিনি।
বিক্ষোভ মিছিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিকেল সাড়ে চারটার পর শাহবাগ থেকে শুরু হওয়া এই মিছিলটি বাংলামোটর এলাকায় গিয়ে শেষ হয়।