উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি সভায় উপস্থাপনের পর তা গ্রহণ করা হয়।
প্রকল্পটির ব্যয় নিয়ে দুটি ভিন্ন মেয়াদের হিসাব নির্ধারণ করা হয়েছে। ১৫ বছর মেয়াদে প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি টাকা এবং ২০ বছর মেয়াদে এই ব্যয় বেড়ে দাঁড়াবে ১৩ হাজার ১৬১ কোটি টাকায়।
মহেশখালীর কুতুবজোমে এই স্থাপনাটি চালু হলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও তা পুনঃগ্যাসীকরণের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।