উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এক গবেষণায় দেখা গেছে, নগরীর ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করে, যার ফলে প্রতিবছর প্রায় একশ মানুষের মৃত্যু হয়।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় পুলিশ কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ১০ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত এই কর্মশালায় সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার ১০ নভেম্বর সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণে জিআরএসপির বিশেষজ্ঞ পল সিমক্স ও পিটার জোন্স পুলিশ সদস্যদের ক্যামেরা পরিচালনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বাস্তব অভিজ্ঞতা প্রদান করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে বায়েজিদ লিংক রোডে চেকপয়েন্ট বসিয়ে ব্যবহারিক অনুশীলন সম্পন্ন করা হয়। ক্যামেরা ছাড়াও ট্রাফিক পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ব্যাটনসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হয়েছে।
প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়কে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। সিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে।