উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের সদরপুরে আব্দুস সামাদ মুন্সী ইসলামিয়া মাদরাসার উদ্যোগে আগামী ২০ নভেম্বর ১৬তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিল সফল করতে গত বৃহস্পতিবার বিকেলে সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ওলামায়ে কেরাম ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ২০ নভেম্বর শুক্রবার সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে সকাল ১১টা থেকে এই মাহফিলের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলী এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল আমিন।
মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ইসলামিক কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক। এছাড়া ভারতের মাওলানা ইবাদুর রহমান মাযহারীসহ দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ পেশ করবেন। মাহফিলে সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুন্সী ইশারত এবং আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।