উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রাহকদের কম তেল দেওয়া তিনটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার পরিচালিত এই অভিযানে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে মালিবাগ অটো সার্ভিসের একটি ডিজেল ইউনিট, টিকাটুলির এ হাই অ্যান্ড কোংয়ের একটি অকটেন ইউনিট এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের দুটি অকটেন ইউনিটে কারচুপি শনাক্ত হয়।
বিএসটিআইয়ের উপ-পরিচালক মো: লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটি জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং সঠিক পরিমাপে জ্বালানি তেল নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত তদারকি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।