উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে এই হামলার অভিযোগ উঠেছে।
নুসরাত তাবাসসুম দাবি করেছেন, তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে বলেছেন, আগুনের পথ পাড়ি দিয়েও তিনি তাঁর কাজ চালিয়ে যাবেন এবং এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর কণ্ঠ রোধ করা সম্ভব নয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে এবং দুটি ছাগলও মারা গেছে। স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।