উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ভাঙ্গুড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও টিনের বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ৮ নভেম্বর দুপুরে পৌর সদরের দক্ষিণ সারুটিয়া মহল্লায় রফিকুল ইসলামের বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারের পুত্রবধূ অমি সুলতানা তানহা স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালান এবং ভিডিও ধারণের সময় ভুক্তভোগীদের মারধরের হুমকি দেন।
দীর্ঘদিন ধরে ৫৪ শতক জমি নিয়ে জাহাঙ্গীর আলম টুকু ও রফিকুল ইসলামের মধ্যে বিরোধ চলছে। রফিকুল ইসলামের দাবি, জমি নিয়ে একতরফা আদালতের রায় হওয়ার পর তিনি উচ্চ আদালতে আপিল করেছেন, যা বর্তমানে বিচারাধীন।
অন্যদিকে, অভিযুক্তদের দাবি, আদালতের রায়ে তারা জমির মালিকানা পেয়েছেন এবং ভুক্তভোগীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, উভয়পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।