উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাইন আর্টস বিভাগের উদ্যোগে জাপানের সমসাময়িক শিল্পী শিনজি মরিশিতাকে নিয়ে একটি ‘আর্টিস্ট টক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের ৪২৭ নম্বর কক্ষে আয়োজিত এই সেমিনারে বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিভাগের সভাপতি মো. রায়হান উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টোকিও ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী শিল্পী শিনজি মরিশিতা। সেমিনারে তিনি নিজের শিল্পচর্চা, আধুনিক চিত্রকলার বিবর্তন এবং সমসাময়িক শিল্পকলার কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নিজের শিল্পীজীবনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যা তাদের সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করেছে। এছাড়া বাংলাদেশের বাউল সংস্কৃতি ও লালন ফকিরের দর্শনের প্রতি নিজের আগ্রহের কথা জানান এই জাপানি শিল্পী।
বিভাগীয় সভাপতি মো. রায়হান উদ্দিন ফকির বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিল্পকলা ও ভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিল্পজগতের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।