উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশালের কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের সামনের অংশ ভেঙে পড়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধারকাজ শুরু করেছেন।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ক্রেনটি উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে ‘প্রত্যয়’ নামে অপর একটি উদ্ধারকারী জাহাজ বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এই ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।