উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদালতে বিচারাধীন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ সচিবালয়ে বুধবার ১১ নভেম্বর উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভায় সভাপতিত্ব করেন।
সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, অর্থ সচিব মো: খায়েরুজ্জামান মজুমদার এবং বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী অংশ নেন। এছাড়া বস্ত্র ও পাট সচিব আয়েশা আক্তার, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, বিজিএমইএ-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় বিটিএমএ’র প্রতিনিধিরা ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার স্পষ্ট অবস্থান জানান। তাদের মতে, এ ব্যবস্থা স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের উৎপাদন সক্ষমতা, বিনিয়োগ এবং কর্মসংস্থান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১০-৩০ কাউন্ট কটন সুতা আমদানি-সংক্রান্ত বিদ্যমান বিধান বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে বলে সভায় জানানো হয়। আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত রাখার অবস্থান জানানো হয়েছে এবং নতুন কোনো পরিবর্তন আনার সুযোগ নেই।
সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে বিটিএমএ। পাশাপাশি ইডিএফের আকার বৃদ্ধি ও প্রক্রিয়া সহজ করার প্রস্তাব করা হয়, যা পর্যালোচনা করে বিবেচনা করবে সরকার। বাসস