উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন। সেখানে তিনি কোনো দলের নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়া রয়েছে বলে উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ফ্লোর চাইলে স্পিকার বলেন, ৩০০ বিধির বিষয়ে সংসদের সুনির্দিষ্ট বিধান রয়েছে, এর বাইরে কথা বলার সুযোগ নেই। ৩০০ বিধিতে বক্তব্যের পর এর কোনো পাল্টা জবাবের রেওয়از নেই। পরে স্পিকার বিরোধীদলীয় নেতাকে কথা বলার সুযোগ দিলে তিনি বলেন, তাঁকে ইঙ্গিত করে কথা না বলা হলে সংসদে দাঁড়িয়ে এসব কথা বলার প্রয়োজন হতো না।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন এবং সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়ার কথা বলেছেন। এ বিষয়ে তিনিও একমত, তবে একটি দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়ার কথা বলা হচ্ছে। এই সুড়সুড়ির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না এবং দলটি কোনটি, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানের প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকারে নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির কথার প্রসঙ্গ এসেছে কি না, সে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন এবং সন্ধ্যায় এক কথা, রাতে আরেক কথা বলছেন। সে রকম একটা লোককে রেফার করে আমাদের যদি ইঙ্গিত করে বলা হয় যে ওই ধরনের কোনো এজেন্সির সাথে বসেছি, তাহলে এই ৩৫০ সদস্যের হাউসে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই।
তাঁরা এ অভিযোগের চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছিলেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বসব, বন্ধুদের সঙ্গে বসব, কিন্তু এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরং যাঁরা তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তাঁদেরই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার নথি রয়েছে বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা।
তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন—এমন দাবি সঠিক নয় জানিয়ে জামায়াত আমির বলেন, গত ১২ আগস্টের সংবাদ সম্মেলনে তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং পুরো ২২ মিনিটের বক্তব্যে তিনি একবারও আওয়ামী লীগের নাম নেননি। মাদক কারবারে সরকারি দলের লোকজনের জড়িত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, বেড়াই যদি ধান খায়, তাহলে ধান রক্ষা করবে কে? কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে পুলিশ গেলে সরকারি দলের লোকজন পুলিশের ওপর হামলা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, এই জাতিকে আর ফ্যাসিবাদের যন্ত্রণায় ফেলে দেওয়া ঠিক হবে না এবং কার দুর্বলতায় ফ্যাসিবাদীরা কতটা আশকারা পাচ্ছে, সেই বিচারের ভার জনগণের হাতেই ছেড়ে দিতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড ২২ জন থেকে ১২ জনে নামিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান বলেন, আগামীতে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এলে তিনি তাঁর সফলতার জন্য সাধুবাদ জানাবেন।