উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুর বাজারে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ও ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন, যার ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। অভিযানে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার পাশাপাশি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।