উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ১৩ জন এবং বিভিন্ন মামলায় আরও ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধারায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সময়ে জেলাজুড়ে কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং বাকি ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ধৃত ব্যক্তিদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।