উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯০০ জন রোগী। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে দেশে সর্বমোট ৪৭৮ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক মৃত্যু বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জন এবং সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৮ জন মারা যান। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে। তবে আশার কথা হলো, মোট ভর্তি রোগীর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৮০ জন।
এছাড়া চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ২২৬ জন, বরিশালে ২৪৯ জন, রাজশাহীতে ১৯৮ জন, ময়মনসিংহে ৮৫ জন, রংপুরে ১০৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ জানিয়েছেন।