উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের পরিচয় আড়াল করতে নানা কৌশল নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ। নিজের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মালিকানা বদল করে তিনি নতুন নামে ব্যবসা পরিচালনা শুরু করেন। গত মে মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আহ্বান করা দরপত্রে অংশ নিয়ে তাঁর নতুন প্রতিষ্ঠান তিনটি কাজ পায়।
নতুন নামের ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি তিনটি প্যাকেজে মোট ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার কাজ পেয়েছে। এই কাজগুলো মূলত সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের। এসব কাজে চুক্তির তুলনায় কম কর্মী নিয়োগ ও কম মজুরি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
কোম্পানির নথিপত্র অনুযায়ী, ইউটোপিয়ার ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ এবং তাঁর শেয়ার ৬০ শতাংশ। এ ছাড়া তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান রামিহা আহমেদের শেয়ার রয়েছে ৪০ শতাংশ। তবে কার্যক্রম থেকে নিজেদের আড়াল করতে প্রধান নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দীককে প্রশাসনিক ক্ষমতা দিয়ে রেখেছেন এই নেতা।
ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, ই-জিপিতে কোনো প্রতিষ্ঠানের মালিকের রাজনৈতিক পরিচয় বা অপরাধের তথ্য থাকে না, কেবল যোগ্যতা যাচাই হয়। ইউটোপিয়া যোগ্য বিবেচিত হওয়ায় কাজ পেয়েছে এবং মালিকানার বিষয়টি তাঁর জানা ছিল না বলে জানান তিনি। এ ছাড়া ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, কোম্পানি আইন অনুযায়ী নাম বা মালিকানা বদলালেও দায় ও অধিকার বদলায় না, তাই যাচাই করেই প্রতিষ্ঠানটিকে যোগ্য ঘোষণা করা হয়েছে।