উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিওনেল মেসির ট্রফির সংগ্রহে যুক্ত হলো আরও একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০২৬ মৌসুমে মেজর লিগ সকারের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড। পুরো মৌসুমে গোল্ডেন বুটের দৌড়ে আধিপত্য বজায় রেখে ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি।
তার চেয়ে চার গোল কম করে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন এফসি ডালাসের ক্রোয়েশীয় ফরোয়ার্ড পেতার মুসা। এর আগের মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবার দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের গোলসংখ্যা ছিল ২৪, আর এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতলেন আর্জেন্টাইন মহাতারকা।
এর মধ্য দিয়ে এমএলএসের তিন দশকের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। তবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার মেসি। শুধু গোলসংখ্যায় নয়, অন্যান্য পরিসংখ্যানেও চলতি মৌসুমে সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি।
প্রতি ম্যাচে তার গোলের গড় ছিল ০.৮৪ এবং মোট গোল অবদান ছিল ৪৩টি। মৌসুমে ছয়টি ম্যাচে একাধিক গোল করেছেন তিনি, যার মধ্যে পেনাল্টি থেকে এসেছে মাত্র একটি গোল। পেনাল্টি ছাড়া মেসির ২৫ গোল এমএলএসের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ এবং এর আগের মৌসুমে ২৮টি ওপেন-প্লে গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি।
এদিকে চলতি মৌসুমে এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি পুরস্কার জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে রয়েছেন মেসি। এই পুরস্কার জিতলে লিগের সেরা ব্যক্তিগত সম্মাননা টানা তৃতীয়বারের মতো তার হাতে উঠবে।