উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল দক্ষিণ মেদিনিমন্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তল্লাশিকালে পদ্মাসেতু পার হয়ে আসা দুটি কাভার্ড ভ্যান থেকে ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর থানার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং একই জেলার কলারোয়া থানার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে এনে দেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।